চাঁদপুর পুরান বাজার মেঘনা নদীর পাড়ে সনাতন ধর্মালম্বীদের অষ্টমীস্নান উৎসব ২৬ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হবে। স্নানের তিথি শুরু হবে ২৫ মার্চ দুপুর থেকে এবং মূল স্নানের দিন ধরা হয় ২৬ মার্চ, যেদিন সূর্যোদয়ের সময় অষ্টমী তিথি বিরাজমান থাকে। প্রতি বছর চৈত্রমাসের শুক্লাষ্টমীতে শত শত সনাতন ধর্মাবলম্বী মানুষ চাঁদপুর শহরের পুরান বাজার হরিসভা মন্দির কমপ্লেক্সের সামনে মেঘনা নদীর পাড়ে ছুটে আসেন পুণ্যস্নানের জন্য।চাঁদপুরের বিভিন্নস্থান থেকেও পুণ্যার্থীরা এখানে আসেন। চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক লিটন সাহা তার ফেসবুক স্ট্যাটাসে জানান, চাঁদপুর পুরান বাজার মেঘনা নদীর পাড়ে সনাতন ধর্মালম্বীদের অষ্টমীস্নান প্রতি বছরের ন্যায় ২৬ ই মার্চ বৃহস্পতিবার হরিসভা মন্দির কমপ্লেক্স সংলগ্ন মেঘনা নদীর পাড়ে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে অষ্টমী ঘাটের স্থান পুণ্যার্থীদের ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে স্নান উপযোগী করার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার সহ মন্দির পুরোহিত ও স্নান উৎসব আয়োজক কমিটির কর্মকর্তাবৃন্দ হরিসভা ঘাট পরিদর্শন করেন।