লক্ষ্ণীপুরে আধিপত্যের দ্বন্দ্বে গোলাগুলি নিরীহ পথচারী গুলিবিদ্ধ

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬, ১১:১১ এএম
লক্ষ্ণীপুরে আধিপত্যের দ্বন্দ্বে গোলাগুলি নিরীহ পথচারী গুলিবিদ্ধ

লক্ষ্ণীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলির ঘটনায় এক নিরীহ পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও একজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত প্রায় ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের আফজাল রোডের মুখে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আব্দুর রহিম (৪৫) শেখপুর গ্রামের শামছুল হকের ছেলে। তিনি পেশায় একজন গাছ ব্যবসায়ী। আহত সাইফুল ইসলাম মানিক (৩৫) চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া ও শেখপুর গ্রামের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবারের উত্তেজনার ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা একপর্যায়ে গোলাগুলিতে রূপ নেয়। সংঘর্ষের সময় ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় নিরীহ পথচারী আব্দুর রহিম গুলিবিদ্ধ হন। তার বাম পায়ে গুলি লাগে। একই সময় সাইফুল ইসলাম মানিককে এলোপাতাড়িভাবে চেইন দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লক্ষ্ণীপুর সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সালাম সৌরভ জানান, আব্দুর রহিমের পায়ে গুলির আঘাত গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে মানিককে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আধিপত্যের এই সংঘর্ষে সাধারণ মানুষই বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিরীহ পথচারীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, আধিপত্য বিস্তার ও একটি সালিসি বৈঠককে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে