দিনাজপুরের হিলিতে ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। সভা পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা। আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইট-এর মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। তারা নতুন প্রজন্মের কাছে গণহত্যার ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।