ঈদ উপলক্ষে শ্বশুরবাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর বড়াল নদে ভাসমান অবস্থায় জাহিদ হাসান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার সিলন্দা বাজার এলাকায় বড়াল নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত জাহিদ চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা হাটপাড়া গ্রামের কাজেম প্রামাণিকের ছেলে। জাহিদকে তার স্ত্রীর সহায়তায় শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে মর্মে দাবি করেছেন তার স্বজনরা। জাহিদ হত্যার প্রতিবাদে ও হত্যাারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে চাটমোহর উপজেলার রেলবাজারে পৃথক দুইটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,জাহিদ কয়েকদিন আগে তার শ্বশুরবাড়ি ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামে যায়। গত ২০ মার্চ সন্ধ্যা সাতটার দিকে শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি স্বজনরা। গত সোমবার দুপুরে সাঁথিয়া উপজেলার সিলন্দা বাজার এলাকায় বড়াল নদে এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হওয়ার পর খবর পেয়ে পরিবারের সদস্যরা থানায় গিয়ে লাশ জাহিদের বলে সনাক্ত করেন। এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্ত্রীর দাবি তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। কেন কি কারনে বা কিভাবে তিনি মারা গেলেন বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। নগরবাড়ি নৌ পুলিশ এ বিষয়টি আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানান তিনি। নগরবাড়ি নৌ পুলিশের ইনচার্জ ফকরুল ইসলাম বলেন,খবর পেয়ে আমরা সাঁথিয়া থানায় গিয়ে সুরতাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠাই। মৃত জাহিদের স্বজনরা একটি লিখিত অভিযোগ দিচ্ছেন। প্রাথমিকভাবে আমরা একটি অপমৃত্যু মামলা দায়ের করছি। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে জাহিদকে হত্যা করা হয়েছে দাবি করে হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতারের দাবিতে গতকাল বুধবার ও গত মঙ্গলবার চাটমোহর রেলবাজারে এলাকাবাসী ও রেলবাজার বনিক সমিতির ব্যানারে পৃথক দুইটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তারা এটাকে হত্যাকান্ড বলে দাবি করেন। বক্তব্য দেন,হারুন বিশ্বাস,শেখ জাবের আল শিহাব,মেহেদী হাসান সুজন,মুফতি মাহমুদ হাসান,আসলাম শিকদার,আমজাদ হোসেন,আঃ কুদ্দুস,খবির উদ্দিন খোকন,মহরম হোসেন,মওলানা আঃ মমিন প্রমুখ।