দৌলতখানে দুস্থ পরিবারকে গরু দিয়ে প্রশংসায় ভাসলেন সৌদি প্রবাসী

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬, ০৪:০১ পিএম
দৌলতখানে দুস্থ পরিবারকে গরু দিয়ে প্রশংসায় ভাসলেন সৌদি প্রবাসী

ভোলার দৌলতখানে গরু চুরি হওয়া দুস্থ সেই  অসহায় পরিবারকে একটি গাভী গরু কিনে দিয়ে প্রশংসায় ভাসলেন এক সৌদি প্রবাসী।  উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কালু বেপারির গোয়াল ঘর থেকে গত এক সপ্তাহ আগে গভীর রাতে দুইটি গরু চুরি হয়ে যায়। তার স্ত্রী নাসিমা বেগমের স্বপ্ন ছিল ঈদের পর পরিবারের একমাত্র সম্বল ওই গরু দুইটি বিক্রয় করে মেয়েদের বিবাহ দেবেন। দিনমজুর  কালু অসুস্থ। গরুর দুধ বিক্রি করে অভাবের  সংসার চলত নাসিমার। কিন্তু ওই গরু দুটি চুরি হয়ে যাওয়ায় নিঃস্ব নাসিমার আহাজারির সংবাদ বিভিন্ন পত্রিকায় ও  ফেসবুকে ভাইরাল হলে সৌদি প্রবাসী আবুল কাশেমের নজরে আসে। সে ৪৬ হাজার টাকায় একটি গাভী গরু ক্রয় করে গরুটি হত দরিদ্র কালু ও নাসিমার হাতে তুলে দেন। গাভীটি পেয়ে নাসিমা পরিবারের মুখে হাসি ফোটে।  প্রবাসী আবুল কাশেমের বাড়ি পার্শ্ববর্তী ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী গ্রামে।   মঙ্গলবার প্রবাসী আবুল কাশেমের পক্ষে  কালু দম্পতির হাতে গরুটি তুলে দেন গ্লোবাল টিভির ভোলা জেলা প্রতিনিধি ইয়ামিন হাওলাদার।  এসময় উপস্থিত ছিলেন বাংলা টিভির জেলা প্রতিনিধি মোঃ মামুন, চ্যানেল এস এর জেলা দক্ষিণ প্রতিনিধি মোঃ রিপন। প্রবাসী কাশেম অসহায় পরিবারের মেয়ে দুটির যাবতীয় বিবাহের খরচ বহন করাসহ  কালু ও নাছিমা বেগমের পরিবারের যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতার ও আশ্বাস প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে