পটুয়াখালীর বাউফল উপজেলায় লঞ্চের ধাক্কায় তরমুজ বোঝাই একটি ট্রলার ডুবে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) ভোররাতে উপজেলার লোহালিয়া নদীর বামনিকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রেজাউল করীম (২৮) ও নাছির ফকির (৪২)। রেজাউল রাঙাবালী উপজেলার চরলাটসাহেব এলাকার ওয়াজেদ হাওলাদারের ছেলে ও নাছির ফকির একই উপজেলার চরবিষ্টন এলাকার আব্দুল ফকিরের ছেলে। এরা দুইজনই পেশায় শ্রমিক ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন তরমুজ চাষী রাঙাবালী থেকে তরমুজ বোঝাই একটি ট্রলার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। একই সময় ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে আসা এমভি আওলাদ-৭ নামের একটি ডাবল ডেকার লঞ্চ ভোর প্রায় ৪টার দিকে বামনিকাঠী এলাকায় পৌঁছালে ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি মুহূর্তেই ডুবে যায়। ঘটনার সময় ট্রলারের ভেতরে ঘুমিয়ে থাকা রেজাউল ও নাছির বের হতে না পারার কারণে তাদের মৃত্যু হয়। তবে ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে ওঠে। স্থানীয়রা জানান, নদীতে ঘন কুয়াশার কারণে ট্রলারটি লঞ্চের চালক না দেখার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক আল মামুন বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।