বাগমারার মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ব্যাচ টুর্নামেন্টের ফাইনাল

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬, ০৮:০৭ পিএম
বাগমারার মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ব্যাচ টুর্নামেন্টের ফাইনাল
রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে এবার মোট ২৫টি ব্যাচ অংশগ্রহণ করে। চারদিনব্যাপী টানটান উত্তেজনাপূর্ণ খেলায় প্রতিদিনই দর্শকদের ছিল উপচে পড়া ভিড়, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় ২০০৬ ব্যাচ ও ২০১৭ ব্যাচ। শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ২০০৬ ব্যাচকে পরাজিত করে ২০১৭ ব্যাচ। এর মাধ্যমে ২০১৭ ব্যাচ টানা পারফরম্যান্সের ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। এটি মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম আসরের খেলা অনুষ্ঠিত হয়।
আপনার জেলার সংবাদ পড়তে