লালপুরে অনুমতি ছাড়াই পুকুর খনন, জরিমানা

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬, ০৮:১৯ পিএম
লালপুরে অনুমতি ছাড়াই পুকুর খনন, জরিমানা

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে অনুমতি ব্যতীত পুকুর খননের দায়ে মোঃ রবিউল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৫ মার্চ ২০২৬) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেনের নেতৃত্বে  পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম ফুলবাড়ী গ্রামের মৃত পিয়ার বক্সের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তিনি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (খ) ধারা লঙ্ঘন করায় ১৫ (১) ধারায় তাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ সময় অভিযান পরিচালনাকালে পুকুর খননে ব্যবহৃত এক্সকাভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে