পিরোজপুরে যথাযোগ্য মর্যদায় ৫৬ তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এর পর সকাল ৬টায় ৭১ এ পিরোজপুরের বীর শহীদদের প্রতি স্থানীয় শহীদ স্মৃতি স্তম্ভে পুস্প মাল্য দিয়ে শ্রদ্ধা জানান পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আহমেদ শহিদুল হক চান। এছাড়া শ্রদ্ধা জানায় জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন, জেলা আইনজীবী সমিতি, পিরোজপুর প্রেসক্লাব, সরকারী সোহরাওয়ার্দী কলেজ, সরকারী মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পরে সকাল সাড়ে ৮টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, আনসার, বিএনসিসি, স্কাউট, গার্ল গাইড সমন্বয়ে মার্চ পাস্ট ও ডিস্প্লে অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে সংবর্ধনা দেন জেলা প্রশাসক আবু সাঈদ।