ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, ভোগান্তিতে যাত্রীরা

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০২:৪০ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, ভোগান্তিতে যাত্রীরা

মুন্সীগঞ্জের গজারিয়া অংশে যানজটে আটকে আছে যাত্রীবাহী বিভিন্ন যানবাহন। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই যানজট মুন্সীগঞ্জের গজারিয়া অংশেও ছড়িয়ে পড়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা। খবর নিয়ে জানা যায়, লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী অষ্টমী স্নান উৎসব গত ২৫ মার্চ শুরু হয়েছে যা আজ ২৬ মার্চ পর্যন্ত চলবে। গতকাল উৎসবে পুণ্যার্থীদের সমাগম কিছুটা কম থাকায় মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে আজ সকাল থেকে যানবাহনের মাত্রাতিরিক্ত চাপে যানজটের সৃষ্টি হয় যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁ পেরিয়ে গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। দাউদকান্দি থেকে ঢাকাগামী বাসচালক মিন্টু মিয়া বলেন, সকালে পরিস্থিতি স্বাভাবিক ছিল। নয়টার দিকে গজারিয়া অংশে যানজট ছড়িয়ে পড়ে। মূলত লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার এক পাশ পুরোপুরি বন্ধ থাকায় ঢাকাগামী লেনে এই স্থবিরতার সৃষ্টি হয়েছে। নোয়াখালী থেকে ঢাকাগামী প্রাইভেট কার চালক আজিজুল ইসলাম বলেন, আজ যে অষ্টমী স্নান উৎসব তা জানা ছিল না। জানলে আরও আগে রওনা হতাম। ভবেরচর বাসস্ট্যান্ড পেরিয়ে যানজটে পড়েছি, জানি না কখন ঢাকা পৌঁছাতে পারব। এ বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ বলেন, গজারিয়া অংশে কোনো সমস্যা নেই। মূলত নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে যানবাহনের অতিরিক্ত চাপের প্রভাবেই গজারিয়া অংশে যানজট ছড়িয়েছে। হাইওয়ে পুলিশের বিপুলসংখ্যক সদস্য রাস্তায় দায়িত্ব পালন করছেন। আশা করছি কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

আপনার জেলার সংবাদ পড়তে