হাতীবান্ধায়

পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

এফএনএস (জিন্নাতুল ইসলাম জিন্না; লালমনিরহাট) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০২:৫৮ পিএম
পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া চুরির মামলার দুর্র্ধষ আসামি মনিরুল ইসলামকে (৩০) পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যার নাটকীয় পলায়নের পর রাতভর রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোররাতে তাকে ফের জালে তুলতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে চুরির অভিযোগে মনিরুল ইসলামকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ। আটকের পর তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসার পথে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় এলাকায় পৌঁছালে ঘটে বিপত্তি। সেখানে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমানকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে হাতকড়া পরা অবস্থাতেই দৌড়ে অন্ধকারে মিলিয়ে যান মনিরুল। জনাকীর্ণ এলাকা থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রাতেই বিশেষ অভিযানে নামে পুলিশের একাধিক দল। উপজেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে শুরু হয় চিরুনি অভিযান। দীর্ঘ কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস তল্লাশির পর বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ গড্ডিমারী গ্রামের একটি জঙ্গল থেকে আত্মগোপন অবস্থায় তাকে আবারও গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে অভিযুক্ত এসআই মতিউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কথা বলতে রাজি হননি। তবে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে ধরতে পুলিশ রাতভর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে সফল হয়েছে। তার বিরুদ্ধে আগের চুরির মামলার পাশাপাশি পুলিশি হেফাজত থেকে পালানোর দায়ে নতুন করে আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দায়িত্বে অবহেলা বা পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।