পাঁচবিবিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্প্রতিবার প্রত্যুষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এ-সময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠন পৌর শহরের ডাঃ আব্দুল কাদের স্মৃতি পৌর পার্কে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। সকাল ৮ টায় পাঁচবিবি স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, বাংলাদেশ স্কাউট্স ও গার্লস গাইডে সদস্যরা মার্চপাস্ট, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।