শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারণ ফুলেল শ্রদ্ধা জানান। এরপর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।