বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ

এফএনএস | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০৮:৩২ পিএম
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। অন্যদিকে রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী অধ্যাপিকা রেবেকা সুলতানা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, এই সাক্ষাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেন এবং সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়।

এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কিছু সময় খেলা উপভোগ করার পর সেখান থেকে তিনি বঙ্গভবনে যান।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। সে সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

সর্বশেষ এই সাক্ষাৎটি দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ হিসেবে বিবেচিত হচ্ছে, যা রাষ্ট্রীয় কার্যক্রম ও সৌজন্যতার দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে