মধ্যেপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে দিয়ে দেশের বাজারে কয়েক ধাপ কমেছে স্বর্ণের দাম। বিশেষ করে সবচেয়ে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরি প্রতি ৬ হাজার ৫৯০ টাকা কমেছে। সে হিসেবে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর করেছে।
বাসুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি শুক্রবার বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম এখন পড়বে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, সবশেষ গত ২৫ মার্চ সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
গত ২৫ মার্চ সকাল ১০টা থেকে কার্যকর হয়ে আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টা পর্যন্ত দেশের বাজারে এই রেটেই বিক্রি হয়েছে সোনা।
সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৭ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ২৬ দফা; কমানো হয়েছে ২১ দফা। আর আগের বছর ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল সোনার দাম; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।