সৌদির মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৬, ০১:১১ পিএম
সৌদির মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

সৌদি আরবে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে বুধবার (২৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, ড্রোনগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর ঘাঁটির অভ্যন্তরে বড় ধরনের আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখা গেছে। 

এদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজ্যের পূর্বাঞ্চলে আকাশসীমায় প্রবেশ করা দুটি ড্রোন শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। মন্ত্রণালয় দাবি করেছে, ড্রোনগুলো ভূপাতিত করার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ড্রোন দুটি ঠিক কোন দিক থেকে এসেছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, সৌদি আরবের এই পূর্বাঞ্চলীয় প্রদেশটি দেশটির অর্থনীতির প্রাণকেন্দ্র এবং এখানে বিশ্বের অন্যতম বৃহৎ তেল স্থাপনাগুলো অবস্থিত। চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান এবং তাদের সমর্থিত গোষ্ঠীগুলো ক্রমাগত এই অঞ্চলটিকে লক্ষ্যবস্তু করে আসছে। বিশেষ করে মার্কিন ও সৌদি সামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।