দিনাজপুরের চিরিরবন্দরে বিজিবির বিশেষ অভিযানে ২ জনকে আটক করে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি ও বেলে পাথরের শীলা উদ্ধার করা হয়েছে। গত ২৬ মার্চ বৃহস্পতিবার দিবাগত ভোররাত সাড়ে ৩ টায় দিনাজপুর বর্ডার গার্ড বাংলাদেশের ৪২ ব্যাটালিয়নের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর থানা পুলিশের সহায়তায় রানীরবন্দর এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করে। এসময় তাদের কাছে থাকা ৩০.৬০০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের ২টি মূর্তি (উমামহেশ্বর ও বিষ্ণু) উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন উপজেলার পশ্চিম সাঁইতারা গ্রামের তাপস চন্দ্র রায় (৩০) এবং রানীরবন্দরের নশরৎপুর গ্রামের পরেশ চন্দ্র রায় (৬০)। এছাড়া তাদের দেয়া স্কীকারোক্তি মোতাবেক একই উপজেলার ভূষিরবন্দর এলাকায় পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৬৪.৯০০ কেজি ওজনের একটি মূল্যবান বেলে পাথরের শীলা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রত্নবস্তুগুলো কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা করে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছে। উদ্ধার হওয়া এসব প্রত্নবস্তুর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ ৫ হাজার টাকা। বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, মুর্তি উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আদালতে সোপর্দ করা হয়েছে।