পোশাক নিয়ে ট্রলের শিকার হলেন সুনিধি চৌহান

এফএনএস বিনোদন | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৬, ০৭:৩৫ পিএম
পোশাক নিয়ে ট্রলের শিকার হলেন সুনিধি চৌহান

দীর্ঘ প্রতীক্ষার পর ভারতের কলকাতার মঞ্চে গাইলেন জনপ্রিয় সংগীত শিল্পী সুনিধি চৌহান। কিন্তু গত বুধবার অ্যাকোয়াটিকা গ্রাউন্ডের সেই মেগা কনসার্ট কেবল গানেই সীমাবদ্ধ থাকল না; গায়িকার পরনের লাল রঙের বোল্ড পোশাক নিয়ে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হতেই সুনিধির ‘বোল্ড অবতার’ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও ট্রলিং। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মঞ্চে উঠেই গান গেয়ে দর্শক মাতিয়ে রাখছিলেন এই শিল্পী। তার হাঁটাচলা, অভিব্যক্তি আর মাইক হাতে গাওয়ার ধরণ বুঝিয়ে দিচ্ছিল যে, তিনি বলিউডের অন্যতম সেরা ‘লাইভ পারফর্মার’। কিন্তু তার এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনরা তার খোলামেলা পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই রাতে লাল রঙের একটি ফ্রিল দেওয়া ‘নেট’ পোশাকে মঞ্চে পারফর্ম করেন সুনিধি। নেটিজেনদের একাংশের দাবি, সুনিধির এই আউটফিটটি ছিল অত্যন্ত কুরুচিপূর্ণ এবং সেই ভিডিওর কমেন্ট বক্সে ধেয়ে আসছে একের পর এক কুরুচিকর প্রশ্ন। তবে ট্রলিংয়ের বিপরীতে সুনিধির পাশে দাঁড়িয়েছেন তার হাজার হাজার অনুরাগী। ভক্তদের দাবি, পুরো বিষয়টিই আসলে ক্যামেরার কারসাজি এবং দর্শকদের একটি অংশের ভুল বোঝাবুঝি। এদিকে পোশাক নিয়ে বিতর্ক চললেও সেই রাতে সুনিধির পেশাদারিত্ব মুগ্ধ করেছে উপস্থিত দর্শকদের। মাঝপথে হঠাৎ টেকনিক্যাল গোলযোগের কারণে তার ‘টকব্যাক’ (কানের যন্ত্র) কাজ করা বন্ধ করে দিয়েছিল। সেসময় তিনি নিজে কী গাইছেন বা মিউজিক কেমন বাজছে তা শুনতে পাচ্ছিলেন না। এমন পরিস্থিতিতেও দমে না গিয়ে পেশাদার শিল্পীর মতো টানা পারফরম্যান্স চালিয়ে যান তিনি।