ইসরায়েলে ফের হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬, ১১:৩৮ এএম
ইসরায়েলে ফের হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
ছবি, সংগৃহিত

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত করেছেন ইরান সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

শনিবার ইরানের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই দ্বিতীয় দফা আক্রমণ চালালো হুথিরা। ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল যতক্ষণ পর্যন্ত তাদের ‘আগ্রাসন ও হামলা’ বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত আগামী দিনগুলোতেও হুথিদের এই সামরিক অভিযান অব্যাহত থাকবে।

হুথিদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের বেশ কিছু ‘গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা’ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই আক্রমণ চালানো হয়েছে। লেবানন, ইরান ও ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর অভিযানের প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি তাদের।

দ্যা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে শনিবার ২৮শে মার্চেই ইরানে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই দিন সন্ধ্যা ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত তারা ইরানজুড়ে অন্তত ৭০১টি হামলার ঘটনা রেকর্ড করেছে।

সংস্থাটির মতে, এক মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক দিনে এত বেশি হামলার ঘটনা খুব কমই দেখা গেছে এবং এই হামলাগুলোর মধ্যে ৭৪ শতাংশই হয়েছে দেশটির রাজধানী তেহরানে।

তাদের হিসেবে, এখন পর্যন্ত এই সংঘাতে ১ হাজার ৫৫১ জন ইরানি বেসামরিক মানুষ নিহত হয়েছে, যার মধ্যে অন্তত ২৩৬টি শিশু রয়েছে।

ওদিকে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত সরকার এর নিন্দা করে বলেছে, ইরান দেশটিকে যুদ্ধে জড়াতে চাইছে।

যদি হুথিরা লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে থাকা বাব আল-মান্দাব প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালায়, তাহলে তা বৈশ্বিক অর্থনীতির জন্য আরেকটি বড় আঘাত হবে।

লেবাননে ইসরায়েলের হামলায় তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। তবে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে যে, নিহতদের একজন হিজবুল্লাহর আল-মানার টিভি চ্যানেলের সাংবাদিক ছিলেন, তিনি আসলে ইরান-সমর্থিত ওই সশস্ত্র গোষ্ঠীর একজন সদস্য ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে