হাইমচরে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রিতে ব্যবসায়ীকে জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬, ১১:৪১ এএম
হাইমচরে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রিতে ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরের হাইমচর আলগীবাজার থানা রোডে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করার দায়ে ‘মেসার্স মা ট্রেডার্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় ৭ টায় এই অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি তেল নিয়ে বর্তমান পরিস্থিতিতে  সাধারণ ভোক্তাদের কাছ থেকে জ্বালানি তেলের বাড়তি দাম আদায় করছিল ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের নির্দেশনায় থানা পুলিশের একটি দল প্রথমে ওই প্রতিষ্ঠানে গিয়ে প্রাথমিক তদন্ত চালায়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়। পরবর্তীতে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি বলেন, “জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে আমাদের এই তদারকি অব্যাহত থাকবে। কোনোভাবেই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখা সহ্য করা হবে না।” জরিমানা আদায়ের পাশাপাশি এদিন উপজেলার বিভিন্ন বাজারে জ্বালানি তেলের মূল্য তালিকা পর্যবেক্ষণ করা হয়। ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় যেন কৃত্রিম সংকট তৈরি করে বা বাড়তি মুনাফার লোভে ভোক্তাদের হয়রানি না করা হয়। অভিযান পরিচালনাকালে হাইমচর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আলমগীর, সমির কুমারসহ থানা ও উপজেলা প্রশাসনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতারা।

আপনার জেলার সংবাদ পড়তে