দুবাই থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৮ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ফ্লাইটটি ঘিরে তল্লাশি চালানো হয়। বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ছেড়ে আসা বিজি-৩৪৮ ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর পর থেকেই সেটিকে নজরদারিতে রাখা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এভিয়েশন সিকিউরিটি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে অভিযান চালান। পরে কার্গো কম্পার্টমেন্টে তল্লাশি করে টয়লেট প্যানেলের ভেতরে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৬ গ্রাম, মোট ওজন দাঁড়ায় প্রায় ১৭ কেজি ৯০১ গ্রাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া স্বর্ণ বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা।