শেরপুরে

পাওনা টাকা চাইতে গিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, মামলা দায়ের

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬, ০৫:২৭ পিএম
পাওনা টাকা চাইতে গিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, মামলা দায়ের

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের শরিফ সুঘাট গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে মতিউর রহমান (৬৯) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। রবিবার (২৯ মার্চ) দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ মার্চ সকাল আনুমানিক ১১টার দিকে শরিফ সুঘাট গ্রামের টুকু মাতবরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। অভিযোগে উল্লেখ করা হয়, পাওনা টাকা চাইতে গেলে মোঃ বেলাল হোসেন (৫৫)-এর নির্দেশে অভিযুক্তরা মতিউর রহমানের ওপর লাঠি, কিল-ঘুষি দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কিছুটা উন্নতি হলেও ২৭ মার্চ তার শারীরিক অবস্থার আবার অবনতি ঘটে। পরদিন ২৮ মার্চ পুনরায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তারা হলেন, খোদা বক্স (৫৬), মোঃ রুবেল (২৭), মোঃ শাহাদৎ হোসেন (২৮), মোঃ জাফর আলী (২৫), মোঃ মিল্লাত হোসেন (২২), মোঃ জাহিদ (২৯), মোঃ বেলাল হোসেন (৫৫), মোঃ স্বপন (১৯), মোঃ নুর আলম (৪০), মোঃ মোস্তফা (৩২), মোছাঃ জাহেদা বেগম (৩৫) ও মোছাঃ বেলি বেগম (২৭)। সকলেই একই গ্রামের বাসিন্দা। এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং খুব শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে