হাওর অঞ্চলে মাছ সম্পদ রক্ষায়

কৃষিখাতে বালাইনাশকের ক্ষতিকর প্রভাব বিষয়ে প্রশিক্ষণ

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬, ০৫:৩১ পিএম
কৃষিখাতে বালাইনাশকের ক্ষতিকর প্রভাব বিষয়ে প্রশিক্ষণ

শ্রীমঙ্গলে হাওর অঞ্চলের মৎস্য সম্পদ সংরক্ষণে কৃষিখাতে ব্যবহৃত বালাইনাশকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, ‘অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত বালাইনাশক ব্যবহারের ফলে হাওরাঞ্চলের প্রাকৃতিক মাছের প্রজনন ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে এবং টেকসই কৃষি ও মৎস্য চর্চা নিশ্চিত করতে হবে।’প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক। তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বালাইনাশকের ক্ষতিকর দিক, মাছের উপর এর প্রভাব এবং বিকল্প পরিবেশবান্ধব পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এ সময় উপজেলা মৎস্য কার্যালয়ের অফিস সহকারী মো. আনোয়ার হোসেন সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রশিক্ষণে উপজেলার মৎস্য চাষি, মৎস্যজীবী, কৃষক ও সাংবাদিকসহ মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের দাবি জানান এবং অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগের আশাবাদ ব্যক্ত করেন। আয়োজকরা জানান, হাওর অঞ্চলের মৎস্য সম্পদ টেকসইভাবে সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে