দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালতের ১ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করে প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ অভিযানের মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনের কঠোর অবস্থান আবারও স্পষ্ট হয়েছে। জানা গেছে, গত ২৮ মার্চ রাত সাড়ে ৮টায় উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের বড় করিমপুর ঝোলাপাড়া ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে শতাধিক ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, বড় করিমপুর গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে মিস্টার আলী, ভোগীর পাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে সোহেল রানা এবং বড় করিমপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে রেজা হোসেন। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা প্রদান করেন। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্তদের পুলিশি হেফাজতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।