আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের আহ্বান সিপিবি’র

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৬, ০৭:৩৫ পিএম
আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের আহ্বান সিপিবি’র

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন রোববার (২৯ মার্চ) এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য আহ্বান জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের সাথে দেশের স্বার্থবিরোধী অসম বাণিজ্য চুক্তি বিগত অন্তর্বর্তী সরকার তার শেষ সময়ে তড়িঘড়ি করে সম্পন্ন করে। দেশের বর্তমান নির্বাচিত সরকার এখনো পর্যন্ত দেশের স্বার্থবিরোধী এই চুক্তি বাতিলের উদ্যোগ গ্রহণ করেনি। আমরা প্রত্যাশা করেছিলাম, গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকার দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখনো দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে বিদেশি প্রভুদের তোষণের নীতিতে সরকার দেশ পরিচালনা করছে। নেতৃবৃন্দ দাবি জানান, অবিলম্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম ও দাসত্বের বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে।  বিবৃতিতে নেতৃবৃন্দ দাসত্বের মার্কিন বাণিজ্য চুক্তি প্রতিহত করতে জেলা-উপজেলাসহ দেশব্যাপী আগামীকালের কর্মসূচি সফল করতে দেশবাসীকে রাজপথের আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানান। 

আপনার জেলার সংবাদ পড়তে