বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী ধামুরা বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে আটটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে।
এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ধামুরা বন্দরের পূর্ব পাড় বাসস্ট্যান্ডের সামনের একটি টাইলসের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।
মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে। এরপর স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে পোল্টি ফিড, স্টীলের দোকান, ফার্নিচারের দোকান, সেনেটারী মালামালের দোকান, টাইলসের দোকান, ফিস ফিডের দোকানসহ আটটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়। অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিকভাবে ধারণা করছেন বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।