মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাইক্রোবাস (হাইয়েস) ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গলের কালাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর আহত হন।
পরে আহতদের দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হান্নান মিয়া ও হুমায়ুন কবিরকে মৃত ঘোষণা করেন। আহত অপর চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নিহত হান্নান মিয়ার স্ত্রী সুলতানা বেগম শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, মাইক্রোবাসের চালক নাইম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।