জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে মোহাম্মদ নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিরোধীদলীয় নেতার অভিপ্রায়ের ভিত্তিতে নজরুল ইসলামকে সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী তাকে ৯ম গ্রেডে ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা বেতন স্কেলে এ নিয়োগ দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
নিয়োগের শর্তে বলা হয়েছে, ডা. শফিকুর রহমান যতদিন বিরোধীদলীয় নেতার দায়িত্বে থাকবেন অথবা নজরুল ইসলামকে এ পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে।
ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নতুন এপিএস নজরুল ইসলাম ঢাকার মিরপুরের বড়বাগ এলাকার বাসিন্দা।
এর আগে সোমবার (২৪ মার্চ) পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহীমকে বিরোধীদলীয় নেতার একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।