কিশোরী ধর্ষণ মামলায় পিরোজপুরে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬, ০৬:৪৩ পিএম
কিশোরী ধর্ষণ মামলায় পিরোজপুরে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরে এক কিশোরীকে অপহরণসহ ধর্ষণের দায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের শিশু ধর্ষণ অপরাধ ট্রাইবুনাল পিরোজপুর এর বিচারক এস এম মনিরুজ্জামান এ রায় দেন। 

দন্ডিতরা হলো জেলার নাজিরপুর উপজেলার চৌঠাই মহল গ্রামের  বেলায়েত শেখের পুত্র মিলন শেখ, একই উপজেলার শেখমাটিয়া গ্রামের সাহেব গাজীর ছেলে মারুফ গাজী এবং পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক গ্রামের মৃত আকতার গাজীর ছেলে অলি গাজী।

মামলার প্রধান আসামি মিলন সেখকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। অন্য দুই আসামি অলি গাজী ও মারফ গাজী কিশোরী ভিকটিমকে অপহরণের দায়ে প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়। ভিকটিম পিরোজপুর সদর উপজেলার পশ্চিম কদমতলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সনাতন ধর্মী ১৩ বছরের কিশোরী। 

মামলা সূত্রে জানা গেছে ২০১৩ সালের ২৩ মার্চ ভিকটিম নাজিরপুরের চৌঠাই মহল এলাকায় মামাবাড়ি থেকে পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পৌঁছলে দন্ডিত অলি গাজী ও মারুফ গাজী তাকে অপহরণ করে কৃষ্ণনগর এলাকায় নিয়ে যায়। সেখান থেকে তারা তাকে খুলনায় মিলন শেখের কাছে পৌঁছে দিলে মিলন বিয়ের নাটক সাজিয়ে মুসলিম বানিয়ে গোপালগঞ্জে একটি ভাড়া বাসায় নিয়ে জোর পূর্বক ২০ থেকে ২২ দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। পরে কিশোরী সুযোগ পেয়ে পাশের বাসায় গিয়ে আশ্রয় নিয়ে তার বাড়িতে বাবাকে ফোন দেয়। তার বাবা  পুলিশ নিয়ে তাকে উদ্ধার করে এবং বাদী হয় পিরোজপুর সদর থানায় ওই তিনজনের বিরুদ্ধে অপহরণসহ ধষর্ণের মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমানে আদালত আজ ওই রায় দেন।

মামলার বাদী মনোজ সিংহ বলেন, আসামীরা উপযুক্ত শাস্তি পেয়েছে। এ রায়ে তিনি খুশি। তিনি আশা করেন উচ্চ আদালতের যেনো এ রায় বহাল থাকে। 

পাবলিক প্রসিকিউট (পিপি) অ্যাডভোকেট নুরুল ইসলাম সরদার শাজাহান সরদার জানান কিশোরী ধর্ষণ মামলায় তিনজনকে আদালত যে শাস্তির রায় দিয়েছে তাতে তিনি সন্তুষ্ট।

আপনার জেলার সংবাদ পড়তে