পাকিস্তান সুপার লিগে (পিসিএল) বড় ধরনের শাস্তির মুখে পড়েছেন লাহোর কালান্দার্সের অভিজ্ঞ ওপেনার ফখর জামান। করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বল টেম্পারিং বা বলের আকৃতি পরিবর্তনের দায়ে তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে করাচি কিংস বনাম লাহোর কালান্দার্সের ম্যাচ চলাকালে এই বিতর্কিত ঘটনাটি ঘটে। করাচি কিংসের ইনিংসের শেষ ওভারের ঠিক আগে আম্পায়াররা লক্ষ্য করেন যে বলের স্বাভাবিক অবস্থা পরিবর্তন করা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, ফখর জামান, শাহীন শাহ আফ্রিদি এবং হারিস রউফ নিজেদের মধ্যে কথা বলার সময় ফখর ও রউফ বলটি নাড়াচাড়া করছেন। এরপর আম্পায়াররা বলটি পরীক্ষা করে সেটির কন্ডিশনে অসঙ্গতি খুঁজে পান। পিসিবির আচরণবিধির ২.১৪ ধারা (লেভেল-৩ অপরাধ) ভঙ্গের দায়ে ফখর জামানকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ঘটনার পরপরই লাহোর কালান্দার্সকে ৫ রান জরিমানা করা হয় এবং আম্পায়াররা তাৎক্ষণিক বল পরিবর্তনের নির্দেশ দেন। ম্যাচ রেফারি রোশন মহানামার অধীনে অনুষ্ঠিত এক শুনানির পর ফখর জামানকে পরবর্তী দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফখর তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেও প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই ম্যাচে আম্পায়ারদের দেওয়া ৫ রান জরিমানা খেলার মোড় ঘুরিয়ে দিতে বড় ভূমিকা রাখে। শেষ ওভারে করাচি কিংসের জয়ের জন্য লক্ষ্য সহজ হয়ে যায় এবং আব্বাস আফ্রিদির একটি চার ও ছক্কার সৌজন্যে ৩ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় তুলে নেয় করাচি। এই নিষেধাজ্ঞার কারণে লাহোর কালান্দার্সের পরবর্তী দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুলতান সুলতানস ও ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামা হবে না ফখর জামানের।