জ্বালানি সংকটে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬, ০৭:২৪ পিএম
জ্বালানি সংকটে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

জ্বালানি সংকটের প্রভাব সামাল দিতে দেশের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকাসহ সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন শ্রেণিকক্ষে সরাসরি ক্লাস চালুর সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন শিক্ষা বোর্ড এবং রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়নি, তবে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সভায় অংশ নেওয়া এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, সপ্তাহে ছয় দিনই ক্লাস চলবে। এর মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন অফলাইনে পাঠদান হবে। তিনি বলেন, “জোড়-বিজোড় দিন বা রোল নম্বর ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাস পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।” অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান পরিচালনা করবেন।

এর আগে একই দিন সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন সাংবাদিকদের বলেন, জ্বালানি সংকটের কারণে বিকল্প পদ্ধতিতে পাঠদান চালুর চিন্তা করা হচ্ছে। তিনি বলেন, “আমরা অনলাইন এবং অফলাইন মিলিয়ে একটি সমন্বিত পদ্ধতি চালুর বিষয়ে কাজ করছি। চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকেই নেওয়া হবে।”

সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে দেশীয় জ্বালানি ব্যবস্থায়ও। এই পরিস্থিতিতে একদিকে জ্বালানি সাশ্রয়, অন্যদিকে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এদিকে প্রস্তাবটি আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে। সেখানে অনুমোদন পেলে দ্রুতই সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে