বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় তালতলীতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যার পরে তালতলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে উপজেলার ৭ টি ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীরা দলীয় স্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর। মিছিল শেষে উপজেলা সদরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাহবুবুল আলম মামুন। বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে এই নিয়োগের মাধ্যমে। নজরুল ইসলাম মোল্লা একজন অভিজ্ঞ ও পরীক্ষিত নেতা উল্লেখ করে তারা বলেন, তাঁর নেতৃত্বে বরগুনা জেলা পরিষদের উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণ প্রত্যাশিত সেবা পাবে। এসময় বক্তারা আরও বলেন, তালতলীসহ বরগুনা জেলার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনতে নতুন প্রশাসকের কার্যকর ভূমিকা থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন ও শুভ কামনা জানান। উল্লেখ্য, আজ এক বিজ্ঞপ্তিতে সরকার নজরুল ইসলাম মোল্লাকে বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করে।