কুয়েত-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট ১১ এপ্রিল, স্বস্তিতে প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০১:০২ পিএম
কুয়েত-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট ১১ এপ্রিল, স্বস্তিতে প্রবাসীরা

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট নিষেধাজ্ঞায় আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর এসেছে। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আগামী ১১ এপ্রিল থেকে কুয়েত-দাম্মাম-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট চালু করতে যাচ্ছে জাজিরা এয়ারলাইন্স, যা আটকে থাকা হাজারো যাত্রীর দেশে ফেরা সহজ করবে।

গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কুয়েত সরকার হঠাৎ করে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করলে বিপাকে পড়েন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। অনেকেই টিকিট কেটে অপেক্ষায় ছিলেন, আবার কেউ ছুটিতে এসে বাংলাদেশে আটকা পড়েন। পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় মানবিক সংকট তৈরি হয়।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ দূতাবাস জাজিরা এয়ারলাইন্সের সঙ্গে সমন্বয় করে বিশেষ ফ্লাইট চালুর উদ্যোগ নেয়। দূতাবাস সূত্রে জানা গেছে, সপ্তাহে তিনদিন এই ফ্লাইট পরিচালিত হবে। কুয়েতের মিসরেফ ৮ নম্বর প্লে-গ্রাউন্ড থেকে যাত্রীদের সৌদি আরবের ট্রানজিট ভিসা, বাস সার্ভিস এবং বিমান সুবিধা দেওয়া হবে। একইভাবে ঢাকা থেকেও যাত্রীরা এই রুট ব্যবহার করে কুয়েতে ফিরতে পারবেন।

দূতাবাস জানিয়েছে, “প্রবাসীদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।” বিশেষ করে যারা ভিজিট ভিসায় পরিবার নিয়ে এসেছেন বা জরুরি চিকিৎসার জন্য দেশে যেতে চান, তাদের সৌদি ট্রানজিট ভিসা পেতেও সহায়তা করা হচ্ছে।

তবে স্বস্তির মাঝেও ভাড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। তাদের অভিযোগ, সরাসরি ফ্লাইটের তুলনায় দাম্মাম, রিয়াদ বা জেদ্দা হয়ে যাতায়াতে অতিরিক্ত খরচ পড়ছে। বর্তমানে এই রুটে বাংলাদেশ বিমানের সীমিত ফ্লাইট থাকলেও সিট সংকটের কারণে ভাড়া অনেকটাই বেড়ে গেছে।

প্রবাসীরা বলছেন, “যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে দ্রুত বড় ধারণক্ষমতার বিশেষ ফ্লাইট চালু করা প্রয়োজন।” তারা এই বিষয়ে সরকারের জরুরি হস্তক্ষেপও কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে