চাচাতো ভাইদের মারধরে রিয়াজ হাওলাদার ওরফে শুক্কুর মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। বুধবার (পহেলা এপ্রিল) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মহানগরীর কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, বৃদ্ধ নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছেন। কাউনিয়া থানার সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া গ্রামের বাসিন্দা ও নিহতের ছেলে জুবাইল ইসলাম শুভ অভিযোগ করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জেরধরে বাগবিতন্ডার একপর্যায়ে শুক্কুর হাওলাদারকে তার চাচাতো ভাই শহিদ হাওলাদার, খোকন এবং জাহিদ হাওলাদার এলোপাতাড়ি ভাবে মারধর করেন। এতে তিনি অচেতন হয়ে পরলে তাৎক্ষনিক উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাকে (শুক্কুর হাওলাদার) মৃত বলে ঘোষণা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপন করায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।