‘দম’কে সরিয়ে শীর্ষস্থান দখল করলো ‘বনলতা এক্সপ্রেস’

এফএনএস বিনোদন | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০৬:০৮ পিএম
‘দম’কে সরিয়ে শীর্ষস্থান দখল করলো ‘বনলতা এক্সপ্রেস’

মুক্তির পর প্রেক্ষাগৃহে দারুণ চমক দেখাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। প্রথম সপ্তাহে অভাবনীয় সাড়ার পর দ্বিতীয় সপ্তাহে এক লাফে বেড়েছে শো। সবচেয়ে শো নিয়ে এগিয়ে থাকা ‘দম’-কে টপকে এবার শীর্ষে চলে এল তানিম নূর পরিচালিত সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার থেকে তাদের ৮টি শাখায় মোট ২৯টি শো চলছে ‘বনলতা এক্সপ্রেস’ এর। অন্যদিকে প্রথম সপ্তাহের পর শো কমে এসেছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ এর। দ্বিতীয় সপ্তাহ থেকে এই সিনেমাটির শো চলবে ১৯টি। শো সংখ্যার হিসাবে তৃতীয় অবস্থানে রয়েছে ‘রাক্ষস’, ৬টি শাখায় যার শো ১৩টি। এরপর ‘প্রেশার কুকার’ ৫টি শাখায় ৯টি শো নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। তালিকার শেষদিকে থাকা ‘প্রিন্স’ ৬টি শাখায় পাচ্ছে ৭টি শো। পরিচালক তানিম নূরের ভাষ্যে, ‘দর্শকের কাছ থেকে যে সাড়া পাচ্ছি সেটা অভাবনীয়। প্রত্যেক দর্শক, যারাই আসছেন তারা তাদের বন্ধু-বান্ধব, পরিবার নিয়ে ছবিটি দেখতে আসছেন। সবাই দল বেঁধে দেখতে আসছেন। এটা তো আমাদের জন্য অবশ্যই আনন্দের। এই ভালোবাসা অব্যাহত থাকুক, এটাই চাই।’ এদিকে আগামীকাল শুক্রবার থেকে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তানিম নূর পরিচালিত এই সিনেমাটি। মুক্তির প্রথম সপ্তাহে কানাডার ১০টি, যুক্তরাষ্ট্রের ৩৮টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে চলবে ছবিটি। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় যাত্রীদের ব্যক্তিগত জীবনের নানা স্তর উঠে এসেছে। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত গল্পে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।