কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবি কৃষক সংগঠনের

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬, ০৭:৫৪ পিএম
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবি কৃষক সংগঠনের

গত কয়েকদিন উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আহসানুল আরেফিন তিতু ও সদস্যসচিব অজিত দাস এক বিবৃতিতে বলেন- 'গত কয়েকদিনে নীলফামারী, পঞ্চগড়, রংপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মাগুরাসহ বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও পাহাড়ি ঢলে ধান, ভুট্টা, আলু, সবজিসহ বিভিন্ন ফসলের এবং গ্রামের বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষত গত ২৭ মার্চ রাতে নীলফামারী জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টি স্মরণকালের ভয়াবহ ঘটনা। নীলফামারীর চারটি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষক ঋণ করে সার, বীজ কিনে বহু পরিশ্রম করে এই ফসল ফলিয়েছে। আর কিছুদিন পরে তারা ফসল ঘরে তুলতো। কিন্তু এই ঝড়ে কৃষকের স্বপ্ন ধ্বংস হয়ে গিয়েছে। নতুন করে এই ফসল লাগানোর সময়ও নেই। এ অবস্থায় সরকারের কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত ফসলের ক্ষতিপূরণের জন্য নগদ টাকা,টিনসহ বাড়ি সংস্কারের অন্যান্য উপকরণ সরবরাহসহ পুসর্বাসনের উদ্যোগ নেয়া দরকার।প্রতিবছর বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের ফলে কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ফসলের ক্ষতিপূরণের জন্য স্থায়ী কোন ব্যবস্থা নেই। আমরা দীর্ঘদিন ধরে ফসলের জন্য বীমা চালুর দাবি জানিয়ে আসছি। প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য শস্যবীমা চালুর ব্যাপারে সরকারের পদক্ষেপ আশা করছি। এছাড়া দ্রুততার সাথে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জোর দাবি জানাই।

আপনার জেলার সংবাদ পড়তে