বৈশাখ সামনে, কিন্তু নীলফামারীর সৈয়দপুর বাজারে ইলিশের দাম চড়া। ক্রেতা কম, বিক্রেতাদেরও চিন্তা। সামনে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সৈয়দপুর রেলওয়ে মাছের বাজারে গিয়ে দেখা যায় ইলিশের সারি,কিন্তু ক্রেতার ভিড় খুবই কম। বিক্রেতারা বলছেন, দাম বেশি হওয়ায় সাধারণ মানুষ ইলিশ কিনতে পারছেন না। ব্যবসায়ী অমুল্য রায়,ফাইয়াজ ও অতুল রায় জানান,বর্তমানে আড়াই শো গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৮৫০ টাকা। হাফ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজি ১২৫০ টাকা। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ টাকা এবং এক কেজির ওপরে হলে বিক্রি হচ্ছে ২৬০০ টাকা. গত বছরের তুলনায় অনেক বেশি। সরবরাহ কম এবং নদীতে মাছ ধরা কমে যাওয়াকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। ইলিশ আসে চাঁদপুর,বরিশাল,চট্টগ্রাম, কক্সবাজার,পাথরঘাটা,পটুয়াখালিসহ বেশ কিছু এলাকা থেকে। বিক্রেতা অমুল্য রায় বলেন,দাম বেশি, তাই ক্রেতা কম। আমরা নিজেরাও বিপদে আছি। বৈশাখ আসলে চাহিদা বাড়বে, তখন দাম আরও বাড়তে পারে। ক্রেতা মশিয়ার রহমান বলেন,ইলিশ তো বাঙালির ঐতিহ্য, কিন্তু এই দামে কেনা কঠিন। বৈশাখে কিনতে পারবো কিনা, সন্দেহ আছে। সব মিলিয়ে, বৈশাখ যত ঘনিয়ে আসছে, ততই ইলিশের বাজারে অনিশ্চয়তা বাড়ছে। ক্রেতারা অপেক্ষায় আছেন দাম কমার, আর বিক্রেতারা আশঙ্কা করছেন আরও দাম বাড়ার। তবে বৈশাখে ইলিশের স্বাদ পেতে হলে ক্রেতাদের হয়তো গুনতে হবে বাড়তি দাম।