নেটফিক্সে চমক দেখালো নতুন হরর সিরিজ

এফএনএস বিনোদন | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬, ০৭:৩৩ পিএম
নেটফিক্সে চমক দেখালো নতুন হরর সিরিজ

জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংস-এর নির্মাতা ডাফার ব্রাদার্সের প্রযোজনায় আসছে নতুন এক হরর সিরিজ, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। “সামথিং ভেরি ব্যাড ইজ গোয়িং টু হ্যাপন” শিরোনামের এই সিরিজটি মূলত একটি বিয়েকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেখানে আনন্দঘন মুহূর্ত ধীরে ধীরে রূপ নেয় এক ভয়ংকর অভিজ্ঞতায়। গল্পের কেন্দ্রে রয়েছে এক যুগল-র‍্যাচেল ও নিকি। বিয়ের আগে তারা একটি নির্জন স্থানে সময় কাটাতে গেলে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও, ধীরে ধীরে র‍্যাচেলের মধ্যে জন্ম নেয় এক অজানা আশঙ্কা-কিছু একটা ভয়াবহ ঘটতে চলেছে। পরবর্তীতে সামনে আসে এক রহস্যময় পারিবারিক অভিশাপ। জানা যায়, র‍্যাচেলের পরিবারের একটি অদ্ভুত নিয়ম রয়েছে-যদি সে তার প্রকৃত জীবনসঙ্গীকে বিয়ে না করে, তাহলে বিয়ের দিনই তার মৃত্যু ঘটতে পারে। এই ভয়ংকর সত্য জানার পর শুরু হয় মানসিক টানাপোড়েন, সন্দেহ ও আতঙ্ক। ভালোবাসা, ভাগ্য এবং বিশ্বাসের দ্বন্দ্বে এগিয়ে চলে গল্প, যেখানে বিয়ের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে আরও অন্ধকার ও রহস্যময়। সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্যামিলা মরোনে এবং অ্যাডাম ডি মার্কো। মনস্তাত্ত্বিক হরর ও অতিপ্রাকৃত উপাদানের মিশেলে নির্মিত এই সিরিজটি দর্শকদের জন্য ভিন্নধর্মী এক অভিজ্ঞতা হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।