মোল্লাহাটে মাদকমুক্ত সমাজ গড়তে ওপেন হাউস ডে

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬, ০৮:৪৪ পিএম
মোল্লাহাটে মাদকমুক্ত সমাজ গড়তে ওপেন হাউস ডে

বাগেরহাটের মোল্লাহাট উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মোল্লাহাট থানা পুলিশের উদ্যোগে থানা অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী (বিপিএম)। তিনি বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও পুলিশ একসঙ্গে কাজ করলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা হয় সুস্থ জীবনে ফিরে আসবে, না হয় এলাকা ছাড়তে বাধ্য হবে। তিনি সবাইকে মাদককে ‘না’ বলার আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে আইন-শৃঙ্খলা রক্ষা এবং একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব হবে। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাতেম আলী, উপজেলা বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভাপতির বক্তব্যে কাজী রমজানুল হক বলেন, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তিনি জানান, মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীকে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি তিনি অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষ একযোগে এগিয়ে এলে মাদকমুক্ত মোল্লাহাট গড়া সম্ভব। অনুষ্ঠানে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, মাদকমুক্ত মোল্লাহাট গড়তে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে