যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে কুয়েতে চালানো এক হামলায় একটি সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার এ হামলা চালানো হয় বলে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে।
ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারটির একাধিক ছবি প্রকাশ করেছে তাসনিম। তাদের দাবি, এই ছবিগুলো সামনে আসায় এখন পুরো ঘটনাটি স্পষ্ট হচ্ছে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শুক্রবার রাতে এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট একই দিনে একটি যুদ্ধবিমান এবং পাঁচটি মানববিহীন আকাশযান ভূপাতিত করেছে। এটিকে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমানবাহিনীর জন্য ‘অন্ধকার দিন’ হিসেবে উল্লেখ করে।
তবে ইরান নাকি দেশটির মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে কিছু বলেনি তাসনিম।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানও পাল্টা অভিযান চালাচ্ছে। এতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি অবস্থানকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।