‘রাক্ষস ২’ নিয়ে বড় ঘোষণা, শুরু হচ্ছে নির্মাণ কাজ

এফএনএস বিনোদন:
| আপডেট: ৬ এপ্রিল, ২০২৬, ০২:৪৭ পিএম | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ০২:৪৭ পিএম
‘রাক্ষস ২’ নিয়ে বড় ঘোষণা, শুরু হচ্ছে নির্মাণ কাজ

এবার ঈদের অন্যতম আলোচিত সিনেমা ‘রাক্ষস’-এর সাফল্যের কারণে এর সিক্যুয়াল নির্মাণের পরিকল্পনা করছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। তিনি বলেন, আমি রাক্ষস সিনেমাটি বরবাদ ইউনিভার্সের অংশ হিসেবে বানিয়েছি। স্বাভাবিকভাবেই ‘রাক্ষস’-এর সিক্যুয়াল আসবে। এই সিনেমাতে যা দেখিয়েছি সিক্যুয়ালটি হবে তার চেয়ে আরো অনেক বড় পরিসরে এবং ভয়ংকর লেভেলে। 

এদিকে সম্প্রতি ‘প্রিন্স’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীতে উপস্থিত শিল্পী, নির্মাতা ও সাংবাদিকদের সামনে শাকিব খান হৃদয়কে কমার্শিয়াল ধারার অন্যতম সেরা নির্মাতা হিসেবে উল্লেখ করেন। এর পর থেকেই সামাজিক মাধ্যমে শাকিব-হৃদয় জুটির ফেরার দাবি জোরালো হয়েছে। ভক্তদের অনেকেই চাইছেন, ভবিষ্যতেও এই জুটিকে একসঙ্গে দেখতে। এই প্রসঙ্গে সম্ভাবনার দরজা খোলা রেখেছেন হৃদয়। 

তিনি বলেন, ‘আমি কাজের আগে কোনো কিছু বলাতে বিশ্বাসী নই। শুধু বলব অপেক্ষা করুন, কিছু একটা তো আসবে। পরিকল্পনা চলছে, এমনকি গল্প লেখার কাজও চলছে। আপাতত এর বেশি কিছু বলতে চাই না।’ 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল আজহায় আসতে পারে ‘রাক্ষস’-এর সিক্যুয়াল।