রাজবাড়ীতে রিক্সায় করে শহরে যাওয়ার সময় রিক্সার চাকার সাথে ওড়না পেঁচিয়ে সেলিনা মোজাম্মেল ঝরনা (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ( ৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে রাজবাড়ী পৌর শহরের পান্নাচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সেলিনা মোজাম্মেল এর বাড়ী বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্রেক্স সড়কে। তিনি বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল বার্তা ২৪ এর জেলা প্রতিনিধি এর মাতা। নিহতের জামাতা কাজী হুমায়ুন কবির বলেন, সকালে একটি পারিবারিক কাজে তার শাশুরিসহ কয়েকজন রাজবাড়ী আদালতে আসেন। সাড়ে ৯টার দিকে রিক্সা যোগে তার শাশুরি নাস্তা খাবার জন্য শহরের একটি হোটেলে যাচ্ছিলেন। পথিমধ্যে পান্নাচত্ত্বর এলাকায় রিক্সার চাকার সাথে তার পরিহিত গলার ওড়না পেঁচিয়ে মারাত্মক ভাবে আহত হন। দ্রুত উদ্ধার করে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মোঃ বেলায়েত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল পৌনে ১০ টার দিকে এক নারীকে হাসপাতালে আনা হয়। তবে তিনি হাসপাতালে আনার আগেই মারা যান।