ইসলামপুরে তেল সংকটে কারণে হোন্ডা আরোহীদের সড়ক অবরোধ করায় পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। জানা যায় ৬ এপ্রিল(সোমবার) সকালে ইসলামপুর উপজেলার মোশাররফগঞ্জ ঝর্ণা ফিলিং স্টেশনে তেল সরবরাহ না থাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা জামালপুর-দেওয়ানগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় অপেক্ষার পরও ফিলিং স্টেশন থেকে তেল না পেয়ে চালকরা বিক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে তারা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাস্তার ব্যারিকেট সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী জানান, অজ্ঞাত কিছু ব্যক্তি মোটরসাইকেল চালকদের মধ্যে গুজব ছড়ায় যে ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে। এতে করে অনেক মোটরসাইকেল চালক সেখানে ভিড় জমায় এবং উদ্বুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে বাস্তবে ফিলিং স্টেশনে কোনো তেল আসেনি তেল ছিল না। বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।