পাবনার চাটমোহরে বড় ভাইয়ের দাফন সম্পন্ন করে বাড়ি ফেরার মাত্র তিন ঘণ্টা পর ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানায়,চাটমোহরের গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের মৃত রিয়াজ প্রামাণিকের বড় ছেলে গোলাপ প্রামাণিক (৮০) বার্ধক্যজনিত কারণে রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে ইন্তেকাল করেন। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় তার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। বড় ভাইকে চিরবিদায় দিয়ে চাটমোহর পৌর সদরের ছোটশালিখার বাসায় ফিরেছিলেন ছোট ভাই মোজাম্মেল হক (৭২)। কিন্তু বড় ভাইয়ের দাফন শেষ হওয়ার মাত্র ৩ ঘণ্টার মাথায় তিনিও স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
বড় ভাইয়ের মৃত্যুর পরে ছোট ভাইয়ের এমন মৃত্যুতে এলাকায় এক শোকের পরিবেশের সৃষ্টি হয়েছে। মৃত্যুকালে মোজাম্মেল হক তার স্ত্রী,একমাত্র ছেলে তুষার,দুই কন্যা এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা তার দাফন সম্পন্ন হয়।