গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬, ০৭:৩৩ পিএম
গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৬ বছরের শিশু শরিফা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় বাঙ্গাবাড়ি তেলিপাড়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তার শিক্ষা প্রতিষ্ঠান বাঙ্গাবাড়ি দাড়িপাতা নুরানি মাদ্রাসার সহপাঠি, শিক্ষক ও এলাকার অভিভাবকরা এই মানববন্ধনের আয়োজন করে। শরিফা ওই নূরানী মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। মানববন্ধনে তারা শিশু শরিফা হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। প্রায় পৌণে এক ঘন্টাব্যাপি চলা এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বাঙ্গাবাড়ি দাড়িপাতা নুরানী মাদ্রাসার সহ-সভাপতি তোফাজ্জল হক। এতে বক্তব্য দেন বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বাঙ্গাবাড়ি স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, স্থানীয় জামায়াত নেতা ডা. আবদুল গনি, ইউপি সদস্য তরিকুল ইসলাম,  বিএনপি নেতা মেসবাহুল হক বুলেট, মুনিরুল ইসলাম, আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন, দাড়িপাতি নুরানি মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ অন্যরা। মানববন্ধনে বক্তারা বলেন শিশু শরিফার হত্যাকারী আসামিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি হস্তান্তর করে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার জন্য আবেদন জানান । উল্লেখ্য, নিহত শিশুটির দাদা আব্দুল করিম নিখোঁজ নাতনীর সন্ধান চেয়ে গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এরআগে গত শুক্রবার তার দুলাভাই অন্তরের সঙ্গে আলিনগর ইউনিয়নের মকরমপুরে ফুফুর বাড়িতে দাওয়াত খেতে যান শরিফা। পরিবার ও ডায়েরী সূত্র ধরে পুলিশ অন্তরকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী রবিবার বিকেলে উপজেলার আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে নিখোজ শরীফা শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। সেখানে তার দুলাভাই তাকে হত্যা করে ধানক্ষেতে লাশ ফেলে রেখেছিলেন। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার উপ পরিদর্শক আওয়াল হোসেন জানান লাশের সুরতাল রিপোর্টে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামি অন্তর হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে