দিঘলিয়ার চাঞ্চল্যকর যুবদল নেতা মাসুদ হত্যার আসামী গ্রেফতার

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) :
| আপডেট: ৭ এপ্রিল, ২০২৬, ১১:৩২ এএম | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬, ১১:৩২ এএম
দিঘলিয়ার চাঞ্চল্যকর যুবদল নেতা মাসুদ হত্যার আসামী গ্রেফতার

দিঘলিয়ার চাঞ্চল্যকর যুবদল নেতা মুরাদ খান হত্যা মামলার পলাতক আসামি বাকা মাসুদকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব-৬।

র‌্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ৬ এপ্রিল  বিকাল ৫.০৫ মিনিটের সময় র‌্যাব-০৬, সিপিএসসি, সিপিসি-২ এবং ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার মোহাম্মদপুর থানাধীন ঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা হতে চাঞ্চল্যকর মুরাদ খান হত্যা মামলার এজাহার নামীয় আসামি বাকা মাসুদ (৩৪), পিতা: বাকা মিয়া, সাং-সেনহাটি, থানা-দিঘলিয়া, জেলা: খুলনাকে গ্রেফতার করে। 

এজাহার বিশ্লেষণে দেখা যায় যে, মামলার ভিকটিম মুরাদ খান (৪২) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের স্থানীয় নেতা। গত ১৮/০২/২০২৬ ইং তারিখ সকাল ১১.০০ টার সময় দিঘলিয়া উপজেলা মোড়োস্থ বিএনপি অফিস ও অফিসের সামনে হাট-ঘাট ইজারা সিডিউল কেনা ও সিন্ডিকেট ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমের সঙ্গে দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান ওরফে সাজ্জাদ হোসেন ও  তার সঙ্গে থাকা লোকদের মধ্যে কথা কাটাকাটি, কলার টানাটানি এবং ধাক্কা-ধাক্কি হয়। উক্ত ঘটনার জের ধরে গত ২৭/০২/২০২৬ তারিখ বিকাল সোয়া ৫ টার সময় ভিকটিম মুরাদ খান পথের বাজার থেকে জুতা কেনার উদ্দেশ্যে বকশি বাড়ী সংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর সামনে লোটোর দোকানের সামনে পৌঁছা মাত্র ধৃত আসামি বাকা মাসুদ (৩৪), পিতা: বাকা মিয়া, সাং-সেনহাটি, থানা-দিঘলিয়া, জেলা-খুলনাসহ এজাহার নামীয় ১১ জন ও অজ্ঞাতনামা আরো ১২/১৩ জন আসামি পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র, লোহার রড ও মারাত্মক অস্ত্রসস্ত্র নিয়ে ভিকটিম মুরাদ খানের পথরোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ভিকটিম মুরাদ খানকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসিলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ভিকটিম মুরাদ খান ঐ দিনই সন্ধ্যা সোয়া ৬ টার সময় উক্ত হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী জান্নাতুল মাওয়া(৩০) বাদী হয়ে ধৃত আসামিসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে দিঘলিয়া থানায় এজাহার দায়ের করেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। রূপসা থানা থেকে দিঘলিয়া থানা আসামী বাকা মাসুদকে গ্রহণ করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে