লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা জগত পেরিয়ে এবার সংসদীয় রাজনীতির পিচে নতুন ইনিংস শুরু করলেন টালিউড কুইন কোয়েল মল্লিক। গতকাল সোমবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন তিনি। তবে এদিন কেবল তার উপস্থিতি নয়, বরং তার কণ্ঠে ধ্বনিত মাতৃভাষা বাংলা নজর কেড়েছে গোটা দেশের।
তবে কোয়েলের শপথ গ্রহণ অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ভারতীয় গণমাধ্যমের সূত্র মতে প্রকাশিত সেই দেখা যায়, অভিনেত্রী নিজের নাম উচ্চারণ করছেন ‘রুক্মিণী মল্লিক’ হিসেবে। ভক্তদের মনে কৌতূহল জাগলেও বিষয়টি আসলে খুবই সাধারণ। পর্দার আড়ালে কোয়েলের আসল এবং দাপ্তরিক নাম রুক্মিণী।
জানা যায়, সিনেমার রুপালি জগতে পরিচালক হরনাথ চক্রবর্তীর হাত ধরে ‘কোয়েল’ নামে অভিষেক ঘটলেও, সাংবিধানিক ও সরকারি নথিতে তিনি আজও রুক্মিণী। সেই আদি ও অকৃত্রিম নামেই সংসদীয় যাত্রা শুরু করলেন এই অভিনেত্রী।
প্রসঙ্গত, রাজনীতিতে বিনোদন জগতের তারকাদের আনাগোনা নতুন নয়, তবে কোয়েলের পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং শিক্ষিত মার্জিত উপস্থাপনা তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। মাতৃভাষা বাংলায় শপথ নিয়ে তিনি আবারও প্রমাণ করলেন, তার শিকড় আজও বাংলার মাটিতেই গেঁথে আছে।
তৃণমূল কংগ্রেসের এই নতুন প্রতিনিধি এখন সংসদের উচ্চকক্ষে বাংলার দাবি এবং সাধারণ মানুষের সমস্যার কথা কতটা জোরালোভাবে তুলে ধরেন, সেদিকেই তাকিয়ে আছে ওপার বাংলার অগণিত ভক্ত অনুরাগীরা।