যশোরের অভয়নগর উপজেলায় একটি জুট মিলে অগ্নিকান্ডের ঘটনায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় অবস্থিত জার্বান ফাইবার্স লিমিটেডে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নির্বাপণে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল পর্যন্ত সময় লাগে।
জানা গেছে, নওয়াপাড়া জুট মিল নামে পরিচিত পাটকলটি বর্তমানে বাংলাদেশি এম এ রব ও জার্মান নাগরিক থমাস ব্রেসলার যৌথ মালিকানায় জার্বান ফাইবার্স লিমিটেড নামে পরিচালনা করছেন।
মিল কর্তৃপক্ষ জানায়, একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে মেশিনারিজ ও বিপুল পরিমাণ পাট পুড়ে যায়। তাদের দাবি, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি। মিলের প্রশাসনিক কর্মকর্তা হামিদুর রহমান বলেন, আগুন লাগার পরপরই মিলের কর্মচারী ও ফায়ার সার্ভিস যৌথভাবে আগুন নেভানোর কাজে অংশ নেন, যার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
মঙ্গলবার(৭ এপ্রিল) সকালে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং সকাল ৮টার দিকে অগ্নিকাডের কাজের সম্পূর্ণ কার্যক্রম শেষ হয়। তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় অর্ধকোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।