মোহনপুরে অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ৮ এপ্রিল, ২০২৬, ০৫:৫৪ পিএম | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ০৫:৫৪ পিএম
মোহনপুরে অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ
রাজশাহীর মোহনপুর উপজেলায় বাবার বাড়িতে বাচ্চা হতে আসা পাপিয়া আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় ওই নারীকে শ্লীলতাহানী করা হয় বলে অভিযোগ তোলা হয়েছে। আহত ওই নারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে ওই নারীর ভাই আকাশ আলী বাদী হয়ে মঙ্গলবার রাতে পাঁচজনকে আসামী করে মোহনপুর থানার অভিযোগ দায়ের করেছেন। গত মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধা ৭ টার সময় উপজেলার করিশা গ্রাম ঘটনাটি ঘটে। জানা গেছে, মোহনপুর উপজেলার করিশা গ্রামের বিএনপি কর্মী রুস্তম আলীর সাথে একই গ্রামের তিন সহোদর আব্দুল মান্নান, দুলাল হোসেন, জালাল হোসেনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার সন্ধার সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন আকাশ আলীর দোকানঘর ভেঙ্গে ফেলার হুমকি প্রদান করে। এসময় আকাশ আলী প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজন তাকে মারপিট করার জন্য একত্রিত হয়। ওই সময় আকাশ আলী চিৎকারে ৮ মাসের অন্তঃসত্ত্বা বোন পাপিয়া আক্তার এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ওই সময় পথরোধ করে প্রতিপক্ষ রুস্তম আলীর নেতৃত্বে জুলহাস হোসেন, তৈমুদ্দিন , ময়না বেগম, রেবেকা বেগম মিলে অন্তঃসত্ত্বা নারী পাপিয়া আক্তাকে পিটিয়ে জখম করে রাস্তায় ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করান। বর্তমান তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত নারীর স্বামী আবু হানিফ জানান, তার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা। ভাইয়ের সাথে বিরোধকে কেন্দ্র করে তার স্ত্রী ওপর হামলা ও শ্লীলতাহানী করে প্রতিপক্ষের লোকজন। তার স্ত্রীর অবস্থা আশংঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ হামলার তিনি বিচার দাবি করেন। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অন্তঃসত্ত্বা নারীকে মারধর করার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার জেলার সংবাদ পড়তে