সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিহত বাংলাদেশি প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে০৫৮২ ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে বিশেষ ব্যবস্থাপনায় মরদেহ দেশে পাঠানো হয়েছে। শাহ আলমের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দূতাবাস এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
ঘটনার সূত্রপাত ১ এপ্রিল। ওইদিন স্থানীয় সময় ভোর ৬টার দিকে আমিরাতের ফুজাইরাহর দিব্বা এলাকায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে শাহ আলম নিহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানানো হয়েছে।
দূতাবাসের এক বার্তায় বলা হয়, “মরহুম শাহ আলমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
এই মর্মান্তিক ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।